রাসেল আহমেদ, প্রতিনিধি
খুলনার পাইকগাছা পৌর শহরে সড়কের পাশে একটি দোকানের সিঁড়িতে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। সন্তান জন্মদানের সময় ওই নারীর পাশে কেউ না থাকলেও স্থানীয় এক পল্লী চিকিৎসকের মানবিক উদ্যোগে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাণিসম্পদ অফিসের সামনে এস এম সাউন্ড নামের একটি দোকানের সিঁড়িতে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করলেও তার নাম-পরিচয় কেউ জানে না। হঠাৎ প্রসব ব্যথায় রাস্তায় পড়ে গেলে তার আর্তচিৎকার শুনে দোকানদার লাবু এগিয়ে আসেন। পরে শ্যামনগর গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা এসে মা ও নবজাতককে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকিলা আফরোজ বলেন, “মা ও নবজাতক উভয়ই শারীরিকভাবে সুস্থ আছেন। তবে নারীর মানসিক অবস্থার কারণে শিশুটিকে আলাদা রাখা হয়েছে।”
পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, “ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।”
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, “নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে শিশুর নিরাপত্তা ও ভবিষ্যতের কথা মাথায় রেখে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, এই মা ও তার নবজাতকের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যথাযথ উদ্যোগের মধ্য দিয়ে তাদের ভবিষ্যত সুরক্ষা দেওয়া এখন সময়ের দাবি।

