মো.এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ লটারির আয়োজন করা হয়।
মোট ২৬টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ১৭১ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১৯টি আবেদন বাতিল করে ১৫২ জন বৈধ প্রার্থীর মধ্য থেকে লটারির মাধ্যমে ২৬ জনকে ডিলার হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
লটারির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। তিনি বলেন, “লটারির মাধ্যমে ডিলার নিয়োগ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রহণযোগ্য পদ্ধতি। এতে জনআস্থা বাড়ে এবং অনিয়মের সুযোগ থাকে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশীদসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রশাসন জানায়, সরকার নির্ধারিত বিধি মেনে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে লটারির আয়োজন করা হয়। অংশগ্রহণকারী প্রার্থীরাও প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করেন।
নবনিযুক্ত ডিলাররা খুব শিগগিরই খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

