মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালের উদ্দেশে আরও ২৩১ মেট্রিক টন এস্টারিক্স জাতের আলু রপ্তানি করা হয়েছে। রোববার (৩ আগস্ট) দেশের পাঁচটি রপ্তানিকারক প্রতিষ্ঠান—থিংকস টু সাপ্লাই, মা আইশা কোল্ডস্টোরেজ, জাফরিন এগ্রো, এগ্রোটার্চ বিডি এবং মিয়ামি ট্রেড—এই আলুগুলো রপ্তানি করে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়। প্রতিটি চালান বন্দরে প্রবেশের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর দুপুরে ছাড়পত্র দেওয়া হয়।
এই চালানে মোট ১১টি ট্রাকে করে প্রতিটিতে ২১ মেট্রিক টন করে আলু পরিবহন করা হয়। ট্রাকগুলো নেপালের মোরাং জেলার বিরাটনগরের উদ্দেশ্যে যাত্রা করে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। এর আগে, গত ৩১ জুলাইও সমপরিমাণ আলু এই বন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হয়।

