রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জুলাই-শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মঙ্গলবার (৫ আগস্ট) খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫।
সকালে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জুলাই-শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও তাঁদের প্রতিনিধিরা, পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, কেসিসি’র প্রশাসক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে শহরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত, এবং মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়াও, নগরীর শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড় ও নতুন রাস্তা সহ গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শিক্ষা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।
দিবসটি উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এই গণআন্দোলন কেবল প্রতিবাদ নয়, এটি একটি পূনর্জাগরণ। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই অর্জন ধরে রাখতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান ও রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান।
দিবসটির কার্যক্রমে অংশ নিয়ে খুলনাবাসী আবারও তাদের গৌরবময় ইতিহাসকে স্মরণ করলেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

