কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কচুয়া উপজেলায় এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৯ আগস্ট কচুয়া আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এই দিনব্যাপী কর্মসূচিতে জামায়াতের কর্মীদের মানোন্নয়ন এবং দায়িত্ববোধ জাগরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শিবিরের সভাপতিত্ব করেন কচুয়া ইউনিয়ন জামায়াতের আমির মো: আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ রেজাউল করিম। এ ছাড়া জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, জেলা সেক্রেটারি শেখ মোঃ ইউনুস, জেলা যুব বিভাগের সভাপতি ও বাগেরহাট-২ আসনের মনোনীত প্রার্থী এস এম মনঞ্জুরুল হক রাহাত, জেলা নায়েবে আমীর এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, কচুয়া থানা আমির মাওলানা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ শিবিরে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাওলানা মোঃ রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন,
“দেশ ও জাতির সার্বিক কল্যাণে আদর্শ ও দক্ষ কর্মী গড়ে তোলার বিকল্প নেই। আত্মশুদ্ধি ও চারিত্রিক গুণাবলির উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
অন্যান্য বক্তারা আদর্শিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শিবিরে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনার সেশন অনুষ্ঠিত হয় যা কর্মীদের দক্ষতা ও নৈতিকতাকে বৃদ্ধি করতে সহায়ক হবে বলে মনে করা হয়।

