সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রেসক্লাব রামপালের সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি এম.এ সবুর রানাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। ১৫ আগস্ট নিয়ে একটি ফেসবুক পোস্টের জেরে মোংলা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পরিচয়ে তাজউদ্দীন বাদশা ওরফে বাদল ০১৭২১-৫১৪১৯৪ নম্বর থেকে তাকে হুমকি দেন। নিরাপত্তা চেয়ে সবুর রানা রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৭৩৬, তারিখ ১৬-০৮-২০২৫।
জানা গেছে, ১৫ আগস্ট কেন্দ্র করে নাশকতা হতে পারে—এমন একটি অভিযোগ ও তথ্যপ্রমাণ প্রেসক্লাব রামপালের কাছে পাঠানো হয়। প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য মনে হওয়ায় প্রেসক্লাব সভাপতি সবুর রানা তাৎক্ষণিকভাবে তার ফেসবুকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম রনির বিরুদ্ধে একটি পোস্ট দেন এবং বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
পরে ওই রাত থেকে বিভিন্নজন তাকে ফোন করে বিষয়টি জানতে চান। ১৬ আগস্ট সকাল ৯টা ৩১ মিনিটে তাজউদ্দীন বাদশা নিজ পরিচয়ে ফোন করে সবুর রানার অবস্থান ও মহিদুল রনি সম্পর্কে জানতে চান। উত্তরে সবুর রানা কিছু বলতেই বাদশা অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। ফোন কেটে দিলেও একাধিকবার ফোন দেন এবং হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে “আওয়ামী লীগের দালাল”, “দালাল সাংবাদিক” ইত্যাদি বলে মন্তব্য করতে থাকেন।
তাজউদ্দীন বাদশা মোংলা উপজেলার বিলুপ্ত ছাত্রদল কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি মোংলা উপজেলায়।
সবুর রানা নিজের নিরাপত্তা ও হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় জিডি করেন। রিপোর্ট লেখা পর্যন্ত বাদশা ফোন করে যাচ্ছেন বলে জানান ভুক্তভোগী।
এই ঘটনায় নিন্দা জানিয়েছে প্রেসক্লাব রামপাল, মানবাধিকার সংস্থা, রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

