নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর ও মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে নওগাঁ জেলা পুলিশ লাইন্সের গেটের সামনে ও দুপুরে সদর উপজেলার ঘোষপাড়া মোড়ে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বাসিন্দা আরজু (৬০) এবং ঘোষপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান (৬৫)।
আহতরা হলেন মরজিনা (৪০), আয়েশা সিদ্দিকা (৭), আরিশা (৮), সুমি (৪০), খাইরুল (৩৫) ও নিলয় (২১)।
জানা গেছে, মজিবর রহমান সাইকেল চালিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঘোষপাড়া মোড়ে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যদিকে সকাল ১০টার দিকে বালুডাঙ্গা থেকে ছেড়ে আসা ‘রকি’ নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয় জেলা পুলিশ লাইন্স গেটের সামনে। এতে অটোর যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরজুকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে মরজিনা, আয়েশা সিদ্দিকা ও আরিশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন সুমি, খাইরুল ও নিলয় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা ও সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী।

