নোয়াখালী প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম আবেদসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে উপজেলা, পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন।
বক্তারা অভিযোগ করেন, চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ ও বজলুল করিম আবেদসহ বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তারা দাবি করেন, ফখরুল জামায়াত ও এনসিপির ইন্ধনে কোম্পানীগঞ্জ বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছেন।
বক্তারা আরও বলেন, ফখরুল নিজেই দখল বাণিজ্যের সাথে জড়িত থেকে দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। তারা অভিযোগ করেন, ফখরুল অতীতে বিভিন্ন আর্থিক অনিয়ম ও সম্পদ পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। এসময় বক্তারা চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং নিরপরাধদের মুক্তির আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে জানতে ফখরুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, “যারা রাজনীতি করেন তারা এভাবে সংবাদ সম্মেলন করে বিভ্রান্তিকর বক্তব্য দিতে পারেন না। দলের অভ্যন্তরে কোনো অভিযোগ থাকলে তা দলীয় ফোরামে উত্থাপন করা উচিত।”

