শারমিন সুলতানা, নরসিংদী
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আবুবক্কর সিদ্দিকী বলেন, “বাংলাদেশ বর্তমানে মিঠা ও স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। ইলিশ উৎপাদনে আমরা এক নম্বরে। মাছ শুধু অর্থনৈতিক উন্নয়নের খাত নয়, এটি আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অন্যতম উৎস।”
আলোচনা সভায় বক্তারা মাছকে দেশের অন্যতম বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, প্রায় ৫০–৬০ শতাংশ প্রাণিজ আমিষ মাছ থেকে আসে। মাছের ফ্যাটি অ্যাসিড, ওমেগা-থ্রি ও ভিটামিন মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল, বিল, নদী-নালা ও ডোবা-জলাশয় সংরক্ষণ করে এগুলোকে মাছের অভয়াশ্রমে পরিণত করতে হবে। পাশাপাশি চাইনিজ কারেন্ট জালের ব্যবহার রোধে সকলের সচেতনতার আহ্বান জানানো হয়।
উপস্থিত অতিথিরা পরে শ্রেষ্ঠ মাছ চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী কর্মসূচি শেষ হয়।

