সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে “সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট” শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি অনুষ্ঠিত হয় বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোঃ মস্তোফা কামাল (কাজল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল হাসান, বাজিতপুর উপজেলা আইসিটি অফিসার মোঃ মুহিবুর রহমান খান, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন রানা এবং সাধারণ সম্পাদক মাসুদ মিয়া।
সেমিনারে ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “বর্তমান যুগে ইন্টারনেট যেমন জীবনকে সহজ করেছে, তেমনি কিছু অসতর্ক ব্যবহারের মাধ্যমে তৈরি হচ্ছে সাইবার হুমকি। শিশু-কিশোররা যেন অনলাইন বিপদ থেকে সুরক্ষিত থাকে, সেজন্য পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।”
উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, “আমরা চাই ইন্টারনেট ব্যবহারকারীরা যেন ঝুঁকিমুক্ত ও নিরাপদ ডিজিটাল পরিবেশে সংযুক্ত থাকেন। এর জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।”

