ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দলের দুই মনোনয়নপ্রত্যাশী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও অপর মনোনয়নপ্রত্যাশী শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঝুনুর সমর্থকেরা সম্মেলনে যোগ দিতে চাইলে নাসিরুল ইসলামের সমর্থকেরা বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে ধাক্কাধাক্কি এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে ঝুনু সমর্থক সাবেক সহ-সভাপতি আকবর আলী শেখ ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা খায়রুল শেখ রয়েছেন। অপরদিকে, নাসিরুল ইসলামের পক্ষ থেকেও ফরিদুল ইসলামসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর উত্তেজিত ঝুনু সমর্থকেরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

