বগুড়া প্রতিনিধি
বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখায় শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির পল বেসরা অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জানানো হয়, শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গড়ে তুলেছে। সবুজে ঘেরা কোলাহলমুক্ত ক্যাম্পাস, সুপ্রশস্ত খেলার মাঠ, আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা প্রতিষ্ঠানটিকে বগুড়ার অন্যতম মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছে।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা এবং প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। তিনি বলেন,
“মাধ্যমিক শিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে অধ্যবসায়, শিষ্টাচার, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশ জরুরি। শুধু ভালো ফল নয়, ভালো মানুষ গড়াই আমাদের প্রধান লক্ষ্য। এ পথে শিক্ষক ও অভিভাবকদের যৌথ দায়িত্ব অপরিহার্য।”
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও মান ধরে রাখতে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নশীল মনোভাবই তাদের সফলতার ভিত্তি গড়ে দেয়।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, “শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি এবং পঠন-পাঠনে মনোযোগী করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি।”
অভিভাবকরা সমাবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শুধু মানসম্মত পাঠদান নয়, বরং সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলছে। তারা ভবিষ্যতেও বিদ্যালয়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মো. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

