গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে রামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিদ্যালয়ের সামনে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠ দখল, লিজ-বন্দক প্রথা এবং মসজিদ নির্মাণের নামে অর্থ আত্মসাতের প্রতিবাদ জানায়। শিক্ষার্থীদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে এসে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক ও তার মামা হালিম বসুনিয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। এছাড়া বিদ্যালয়ের খেলার মাঠে ধান ও ঘাস চাষ করা হচ্ছে, যা থেকে অর্থ উপার্জন করা হচ্ছে। স্কুলের পাশে থাকা ডাকঘর উচ্ছেদ করা ও মসজিদ নির্মাণের নামে অর্থ আদায় করাও অভিযোগের অন্তর্ভুক্ত।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিয়ার রহমান বলেন, “আমার আসার পর থেকেই দেখছি মাঠে ধান চাষ করা হচ্ছে। এটি ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক জানেন।” প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মুঠোফোনে জানিয়েছেন, “মাটি আগে থেকে বন্ধক ছিল, টাকা যোগ হলে মাঠ শিক্ষার্থীদের জন্য ফিরিয়ে দেওয়া হবে।”
সুন্দরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হেসেন বলেন, “যদি শিক্ষার্থীদের অভিযোগ সত্যি হয়, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

