হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবকদের অংশগ্রহণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রেজাউল ইসলাম লাল্টু। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে শিক্ষক ও অভিভাবক—উভয়ের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ থাকলে হবে না, পরিবার থেকেই শিক্ষা ও চরিত্র গঠনের ভিত্তি তৈরি হয়। আমাদের সন্তানদের কোরআন-হাদিসের আলোকে সুশিক্ষায় গড়ে তুলে আধুনিক সমাজের উপযোগী করে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস, কুসংস্কারসহ সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধে অভ্যস্ত করতে হবে। শিক্ষা শুধু সার্টিফিকেটের জন্য নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার মাধ্যম।”
সমাবেশে মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হুদা, সহ-সুপার মাওলানা ফজলুল হক (সঞ্চালক), এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য দেন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন, ফারুক হোসেন, রশিদ, আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষক-অভিভাবকের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে পাঠগ্রহণ, নৈতিক শিক্ষা ও মানসম্পন্ন পরিবেশে শিক্ষাদানের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অভিভাবকদের নিয়মিত খোঁজখবর নেওয়া, পাঠদানের মান বাড়ানো এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

