কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান রেদওয়ান ফেরদৌস, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, চম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, উপজেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদ।
সভায় জানানো হয়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উপজেলার চারটি ভেন্যুতে কাবাডি, ফুটবল, হ্যান্ডবল, সাঁতার ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ মাঠে। খেলা পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি এবং সার্বিক নিরাপত্তায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পলাশ সেন, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের রওশনারা খানম, রতনপুর তারকনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অচিন্ত্য কুমার, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের আহমদ কবির এবং তারালী মাধ্যমিক বিদ্যালয়ের মিজানুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

