একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০০ পিস ইয়াবাসহ পারভেজ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে উপজেলার চালবন গ্রামে তাঁর বসতবাড়ির উঠানে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার পারভেজ ওই গ্রামের মৃত রউফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান সজলের নেতৃত্বে একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালবন গ্রামে অভিযান চালিয়ে পারভেজকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২০ গ্রাম ওজনের ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।
এ ঘটনায় পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

