সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বাগেরহাট সফরকে ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামীকাল ৫ নভেম্বর মোংলায় আগমন এবং বাগেরহাটের মহান সাধক হযরত খানজাহান আলীর মাজার জিয়ারতের কথা রয়েছে। এ সফরকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল ও সুশৃঙ্খল করতে প্রস্তুতিমূলক কার্যক্রম চালাচ্ছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একাধিকবার মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্যসচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালামসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা।
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। মাজার এলাকার পরিবেশ, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী মোংলা থেকে খানজাহান আলীর মাজার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের দুই পাশে জেলার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বাগেরহাটের উন্নয়ন নিয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। মোংলা বন্দরের জেটি সম্প্রসারণ ও কার্যক্রম গতিশীল করা, শিল্পাঞ্চল ও ইপিজেড সম্প্রসারণ ও আধুনিকায়ন, বেজার কার্যক্রম জোরদার এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদকে কেন্দ্র করে বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হবে বলে আশা করছেন বাগেরহাটবাসী। এসব সম্ভাবনা বাস্তবায়নে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

