ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা, যা আবহমান গ্রামবাংলার ঐতিহ্য এবং উৎসবের আমেজকে জীবন্ত রাখার উদ্দেশ্যে আয়োজিত হয়। সোমবার বিকেলে এই উৎসব দেখতে নারী-পুরুষ নির্বিশেষে হাজারো দর্শক উপস্থিত হন। বাইচ চলাকালীন বিলের দুই পাড় এবং আশেপাশের রেললাইন দর্শকপ্রিয় হয়ে উঠে।
এই ঐতিহ্যবাহী আয়োজনের পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। প্রতিযোগিতায় দূর-দূরান্ত থেকে দশ থেকে বারোটি বাছাড়ী নৌকা অংশ নেয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে।
নৌকা বাইচ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়, যার মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশন এবং প্রতিটি দলকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থপতি মুজাহিদ বেগ বলেন, “নৌকা বাইচ আমাদের গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিনোদনের একটি অন্যতম মাধ্যম। সবার সহযোগিতায় এই ঐতিহ্যকে ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। এই ধরনের সাংস্কৃতিক আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।” তিনি আরও যোগ করেন, “সংস্কৃতি মানুষের মধ্যে সৌহার্দ্যের মেলবন্ধন তৈরি করে। তাই আগামীতেও সুষ্ঠু সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
বিনোদনপ্রেমী দর্শকরা ছোট-বড় বিভিন্ন নৌকা নিয়ে বিলের মধ্যে ভিড় জমিয়েছিলেন। বাইচ উপলক্ষে বিলের দুই পাড়ে এবং রেললাইনের ধারে বসেছিল বিশাল মেলা, যেখানে বিক্রেতারা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছিলেন।
নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন যথেষ্ট তৎপর ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করেন। তাদের কঠোর নিরাপত্তার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং দর্শকরা নিরাপদে এই আয়োজন উপভোগ করতে পেরেছেন।

