খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়া এলাকা থেকে শাহানাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোস্তফা কামাল (৪৫) পলাতক রয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহানাজ বেগম উপজেলার আলোকডিহি সরকারপাড়ার মৃত হাচেন আলীর মেয়ে। প্রায় ২২ বছর আগে তার সঙ্গে মোস্তফা কামালের বিয়ে হয় এবং তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে বড় ছেলে রাকিবুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় পড়লে পুলিশ গাড়িসহ তাকে আটক করে। পরে সাবেক ইউপি সদস্য জিকরুল হকের সহায়তায় শাহানাজ ছেলেকে ছাড়িয়ে আনেন। এরপর থেকেই স্বামী মোস্তফা কামাল স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন এবং প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন।
পরিবারের অভিযোগ, নির্যাতনের কারণে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে, কিন্তু তাতেও নির্যাতন বন্ধ হয়নি। শনিবার গভীর রাতেও শাহানাজের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।
নিহতের বড় ছেলে রাকিবুল বলেন,
“আমি ইপিজেডে চাকরি করি। সকাল ৬টায় কাজে গিয়েছিলাম। কোম্পানি বন্ধ থাকায় ফিরে এসে দেখি মা ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে আমরা লাশ নামিয়ে ফেলি।”
নিহতের ভাই রশিদুল অভিযোগ করে বলেন,
“আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। স্বামীর সাথে দীর্ঘদিন ধরেই ঝগড়া চলছিল। এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।”
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন,
“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না কি হত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।”

