নওগাঁ প্রতিনিধি
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভূয়া ওয়েবসাইট খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন নওগাঁ সদর মডেল থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জানা যায়, নওগাঁ বিশ্ববিদ্যালয় গত ২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নামে কোনো ওয়েবসাইট খোলা হয়নি। কিন্তু কিছু অসাধু চক্র এ বছরের ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে একটি ভুয়া ওয়েবসাইট চালু করে এবং সেখানে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এতেকরে বিশ্ববিদ্যালয় নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন জানান, ভুয়া ওয়েবসাইটের বিষয়টি জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয় এবং সোমবার বিকালে নওগাঁ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। একই সাথে ভুয়া ওই সাইটের লিংক অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ভূয়া ওয়েবসাইট চালানোর সাথে জড়িতদের শনাক্ত করে খুব তারাতাড়ি আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

