ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফার আন্দোলনের অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো এবার রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগও।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ফরিদপুরের মুকসুদপুর এলাকায় রেলপথ অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এর ফলে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি মুকসুদপুর রেলস্টেশনে আটকা পড়ে।
অবরোধকারীরা জানান,
“ফরিদপুর-৪ আসনের পুনর্বিন্যাস বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবির প্রতি নির্বাচন কমিশন নজর না দিলে কর্মসূচি আরও কঠোর হবে।”
অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
ভাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ শাবুর হোসেন বলেন,
“জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুর এলাকায় আটকে রয়েছে। নিরাপত্তাজনিত কারণে ট্রেনটি আর চালানো যাচ্ছে না। যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।”
এর আগে মহাসড়ক অবরোধ করে সড়ক যোগাযোগ ব্যাহত করলেও এবার রেল অবরোধের ফলে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

