নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার (বিলপাড়া) গ্রামে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আক্তার হোসেন ওই গ্রামের জহিরুল ইসলামের পুত্র। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫–২০ জন আহত হন।
আহতদের নান্দাইল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন মারা যান।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “জমি সীমানা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

