টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেটের সামনে এ সংঘর্ষ ঘটে। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি জাহিদুল ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রি নিয়ে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদারপাড়া গ্রামের কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর মীমাংসা করতে রোববার সন্ধ্যায় সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠকে সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের চার সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি জাহিদুল ইসলাম। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

