ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজের অডিটরিয়াম কক্ষে এ আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধার সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান বক্তা ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শারীরিক শিক্ষা শিক্ষক রফিকুল ইসলাম। এতে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ শিক্ষার্থী হানিফা রহমান ইমন ও রূপসা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব আল হাসান এবং গীতা পাঠ করেন বিক্রয় সূত্রধর। পরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এতে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়।
এ সময় নবীন শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। এর আগে কলেজের নতুন নামফলক উন্মোচন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন এবং ফিতা কেটে উদ্বোধন করেন পরিচালনা পরিষদের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।

