শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পলাশ থানা যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুবক্কর সিদ্দিকী।
সভায় জানানো হয়, গত এক মাসে পলাশ থানা পরিচালিত বিভিন্ন অভিযানে ২৪০ পিস ইয়াবা ও ২ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৯টি মাদক মামলা রুজু হয় এবং ১২ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া ধর্ষণ মামলায় গ্রেফতার ১ জন, অন্যান্য নিয়মিত মামলায় ১৩ জন, প্রিভেন্টিভ আইনে ২১ জন, জিআর পরোয়ানায় ৮ জন, সিআর পরোয়ানায় ১৩ জন, জিআর সাজায় ১ জন ও সিআর সাজায় ৪ জনসহ সর্বমোট ৭৩ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে ওসি মোঃ মনির হোসেনের নিষ্ঠা ও সাফল্যের জন্য তাঁকে করতালির মাধ্যমে সম্মান জানানো হয়। আলোচনায় বক্তারা মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আবুবক্কর সিদ্দিকী বলেন, “জনসচেতনতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পলাশ উপজেলাকে একটি সুন্দর ও নিরাপদ এলাকায় পরিণত করা সম্ভব। প্রশাসন এ লক্ষ্যে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।”

