Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখলের পাঁয়তারা: বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

গাইবান্ধা প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালদের প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের পাঁয়তারার প্রতিবাদে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে সাঁওতাল নারী-পুরুষরা।

কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে তীর-ধনুক হাতে দীর্ঘ পথ পায়ে হেঁটে বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরে পৌঁছান তারা। পরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন সাঁওতাল ও বাঙালি নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে তার সহযোগীরা শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন খেলার মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসীরা স্কুলে যাতায়াতে বাধা দিচ্ছে, শিশুদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং অভিভাবকদের হুমকি দিচ্ছে। এমনকি স্কুলের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ইউএনও কার্যালয় চত্বরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সুফল হেব্রম, রাফায়েল হাসদা, গৌর পাহাড়ী, আদ্রিয়াস মুরমু, অলিভিয়া হেব্রম, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, শারমিন মারডি, রমেন মারডি ও ব্রিটিশ সরেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আদিবাসী শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং সামাজিক অস্থিরতা বাড়বে।”

উল্লেখ্য, এর আগেও গত ২০ সেপ্টেম্বর জয়পুরপাড়া (বাগদাফার্ম) এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা একই দাবিতে সমাবেশ করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।