মোঃ ইব্রাহীম মিঞা, (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোঃ আতিউর রহমান (৫৬) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ঢাকা মোড় ফলপট্টি এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিউর রহমান ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের চকশাহবাজপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর আতিউর রহমান তার অটোরিকশাটি মহাসড়কের পাশে রেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে ফুলবাড়ি যাওয়ার যাত্রী খুঁজছিলেন। এ সময় দিনাজপুর গামী একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শী এক অটোচালক জানান, আমি ফল আনা–নেয়ার কাজ করি, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল। হঠাৎ দেখি ট্রাক এসে ধাক্কা মারল—সবকিছু মুহূর্তেই শেষ হয়ে গেল।
দুর্ঘটনার পর মহাসড়ক এলাকায় শত শত মানুষ ভিড় করেন, মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে বিরামপুর থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। সেটি শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
নিহত আতিউর রহমানের মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, বিরামপুর ঢাকা মোড় ফলপট্টি এলাকায় মহাসড়কের পাশে ফলের দোকান ও অটোস্ট্যান্ড থাকার কারণে প্রায়ই সেখানে যানজট ও বিশৃঙ্খলা দেখা যায়। বিশেষ করে ইউ-টার্নের স্থানে যাত্রী ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এছাড়াও যাত্রীবাহী বাস যাত্রী উত্তোলনের জন্য উক্ত স্থানে দাঁড়িয়ে যানযটের সৃষ্টি করে।
তারা অভিযোগ করেন, পৌরসভার গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নর্দমা ঘেরা মহাসড়কের ধারে পানি জমে থাকে, ফলে যাত্রীদের জন্য চরম ভোগান্তি তৈরি হয়। যাত্রী ছাউনি, অটোস্ট্যান্ড বা বাস টার্মিনালের অভাবে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা দ্রুত নিরাপদ সড়ক ব্যবস্থা, যাত্রী ছাউনি, অটোস্ট্যান্ড ও বাস টার্মিনাল নির্মাণসহ যথাযথ পদক্ষেপ নিতে পৌর প্রশাসন ও সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

