দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা।
এরই অংশ হিসেবে পটুয়াখালীর দুমকি উপজেলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) ও পরিবার কল্যাণ সহকারীরা (FWA) কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকবৃন্দের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা জানান, তাদের মূল দাবি হলো ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত কার্যকর করা, যা কর্মচারীদের ন্যায্য ও মৌলিক অধিকার।
পরিবার পরিকল্পনা কর্মীদের অভিযোগ, তারা বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ কমিউনিটি ক্লিনিক পরিচালনা গর্ভকালীন নিরাপদ প্রসব সেবা নবজাতক ও প্রসবোত্তর সেবা
কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদানসহ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ঘরে ঘরে সেবা দিয়ে আসছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও এখনো তাদের স্থায়ী কোনো নিয়োগবিধি নেই, যা অত্যন্ত হতাশাজনক। কর্মীরা হুঁশিয়ারি দিয়ে জানান, নিয়োগবিধি কার্যকর করার বিষয়ে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মোহাম্মদ মাইনুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আঙ্গারিয়া ও শ্রীরামপুর ইউনিয়ন। মোঃ জাকির হোসেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ,পাংগাশিশা।
আসমা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা (পাঙ্গাসিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র)।
কর্মবিরতি চলাকালে এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী পরিচালক (সিসি) ডাক্তার মোঃ শামসুজ্জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্মীদের এই আন্দোলনে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা কার্যক্রমে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয় জনসাধারণ।

