ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ঐতিহ্যবাহী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে ময়লা–আবর্জনার স্তূপে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গের প্রায় ২১টি জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবার আশায় এই হাসপাতালে ছুটে আসেন। কিন্তু প্রয়োজনীয় সেবা ও সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক রোগীকেই ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতি চলছে। কোটি কোটি টাকা ব্যয়ে চিকিৎসা সরঞ্জাম কেনা হলেও সেগুলোর অনেকগুলোই নষ্ট বা ব্যবহার অযোগ্য অবস্থায় পড়ে আছে। আবার কিছু যন্ত্রপাতি কাগজে-কলমে থাকলেও বাস্তবে হাসপাতালে পাওয়া যায় না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
হাসপাতালে শতাধিক চিকিৎসক কর্মরত থাকলেও অনেক সময় তাদের অনুপস্থিতির অভিযোগ রয়েছে। রোগীদের অভিযোগ, অনেক চিকিৎসক হাসপাতালে স্বল্প সময় অবস্থান করে পরে ব্যক্তিগত চেম্বারে চলে যান, ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সঠিকভাবে সেবা পান না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অবসরপ্রাপ্ত চিকিৎসক বলেন, আগে চিকিৎসকরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে সেই মান বজায় থাকছে না। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদপুরবাসীর দাবি, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়ন ও পূর্বের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাধারণ মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা পেতে পারে।

