ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুই যুবককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ মে) সন্ধ্যায় সাহেবের ঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু পরিবহনের সময় দুই যুবককে আটক করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের এনামুল হকের ছেলে মাহমুদুল হোসাইনকে ৫০ হাজার টাকা এবং কোম্পানীগঞ্জ উপজেলার মমুছাপুর গ্রামের মো. সৌরভের ছেলে নুর করিম রাজুকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

