ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীতে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাতিয়া উপজেলা। ফাইনাল পর্বে সদর পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় হাতিয়া উপজেলা দল। এ অর্জনে পুরো হাতিয়াজুড়ে বইছে আনন্দ-উল্লাসের জোয়ার।
মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৪টায় নোয়াখালী জেলা শহীদ ভুলু স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
জেলার ৯টি উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় হাতিয়া উপজেলা ধারাবাহিকভাবে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠে আসে। এর আগে ৩ মে প্রথম রাউন্ডে সেনবাগ উপজেলাকে ৬-০ গোলে হারায় হাতিয়া। ৪ মে দ্বিতীয় রাউন্ডে সোনাইমুড়িকে ৫-০ গোলে পরাজিত করে তারা। পরে ৫ মে সকাল ৯টায় সেমিফাইনালে চাটখিল উপজেলাকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
টুর্নামেন্টে হাতিয়া দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন আব্দুল হামিদ মাহির।
ফুটবলের পাশাপাশি অন্যান্য ইভেন্টেও ভালো করেছে হাতিয়া উপজেলা দল। এর মধ্যে ২০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন, চিৎ সাঁতারে তৃতীয়, উন্মুক্ত সাঁতারে দ্বিতীয়, ব্যাডমিন্টন (দ্বৈত) মেয়েদের বিভাগে রানার্সআপ এবং কাবাডিতে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে তারা।
হাতিয়া ফুটবল দলের কোচ কাজী মাসুম বলেন, “অল্প সময়ের প্রস্তুতিতে দলকে পুরোপুরি গড়ে তোলা সম্ভব হয়নি। তারপরও খেলোয়াড়রা সন্তোষজনক পারফরম্যান্স করেছে। এই বিজয় আমরা হাতিয়াবাসীর প্রতি উৎসর্গ করছি।
টিম ম্যানেজার সোয়েব উদ্দিন বলেন, “সবগুলো ইভেন্টেই আমাদের দল ভালো করেছে। কিছু ইভেন্টে চ্যাম্পিয়ন, কিছুতে রানার্সআপ হয়েছি। ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনন্দিত এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে নোয়াখালী জেলায়ও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

