স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২০) নামে এক গৃহবধূ কে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে।
এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখ কে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। নিহত চাঁদনি আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের জিহাদ শেখের ছেলে।
মঙ্গলবার (৫মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার ফুলতলা থেকে সোমবার (৪মে) নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে খালু শাশুর জাহিদ মোল্যার বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন সাকিব শেখ ও তার স্ত্রী চাঁদনী আক্তার খাদিজা। সাকিব কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনী কে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার স্বামী সাকিব।
পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন,ঘটনাস্থলে গিয়ে আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

