মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী সাজু হোসেন (৩৫) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সাজু হোসেন আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। সাজু হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে সাজু হোসেন তার স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরে অবস্থার অবনতি হলে ডলি খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিচার চলাকালে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দি পর্যালোচনার ভিত্তিতে আদালত অভিযুক্ত সাজু হোসেনকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।

