মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ২০২৫–২৬ মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের লক্ষ্যে উপজেলা সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, চলতি মৌসুমে মোল্লাহাট উপজেলায় মোট ৯০৮ মেট্রিক টন ধান এবং ১,৩১৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে আগামী ৩১ আগস্ট ২০২৬ সালের মধ্যে এ সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত কৃষকরা যাতে সরাসরি এই সুবিধা পান সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের সুযোগ দেওয়া হবে না। প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব শফিকুর রহমান।

