মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এসএম মজনুর রহমানের আশু রোগমুক্তি কামনায় এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা হযরত আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিক, শিক্ষক, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মো. আব্বাস উদ্দিন, ‘প্রতিদিনের কণ্ঠ’-এর সম্পাদক ও প্রকাশক শাহিনুর রহমান পান্না, সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, শিক্ষক ফারুক আলম, অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, এসএম সিদ্দিক, অধ্যাপক হুসাইন নজরুল হক, সহকারী অধ্যাপক বাবুল আক্তার, আসাদুজ্জামান রয়েল, আব্দুল্লাহ আল মামুন সোহান, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব আবুবকর সিদ্দিক, জাহাঙ্গীর আলম, আলীমুন হোসেন, অধ্যাপক এম আলাউদ্দিন, শফিয়ার রহমান, রিপন হোসেন সাজু, প্রভাষক সঞ্জয় দে, রাহাত আলী, মনোয়ার হোসেনসহ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।
বক্তারা বলেন, এসএম মজনুর রহমান শুধু একজন সাংবাদিকই নন, তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সংগঠক ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
উল্লেখ্য, এসএম মজনুর রহমান দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সমকালের মনিরামপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত।
গত মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

