বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও দুটি মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক এবং লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ইয়াকুব আলীর সঙ্গে প্রতিবেশী রবি হোসেনের দীর্ঘদিন ধরে জমি ও পুকুর খনন নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রবি হোসেন ও তার কয়েকজন সহযোগী ইয়াকুব আলীর বাড়িতে যায় বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় তারা বাড়ির লোকজনকে ভয়ভীতি ও হুমকি দেয়। একপর্যায়ে বাড়ির পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যার বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে একটি লাল-কালো পালসার ও একটি হিরো স্পেন্ডার মোটরসাইকেল নিয়ে যায় বলে দাবি করা হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে অভিযুক্ত রবি হোসেনকে আটক করে এবং তার কাছ থেকে লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পুকুর খননকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। অতিরিক্ত গভীরভাবে খননের কারণে পাশের বাড়িঘর ঝুঁকিতে পড়ছে—এমন অভিযোগও রয়েছে। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তির কাছে ভুক্তভোগীর প্রায় দুই লাখ টাকা পাওনা রয়েছে বলেও জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

