কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল গ্রামে একটি বসতবাড়িতে অবৈধভাবে পরিচালিত মাছের হ্যাচারিতে অভিযান চালিয়ে বিদেশি প্রজাতির আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৩০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয় এবং হ্যাচারি মালিক হান্নান হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত মাছগুলো পরে লবণ দিয়ে পুড়িয়ে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে কচুয়া থানা পুলিশের একটি দল এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

