জামালপুর প্রতিনিধি
জামালপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে জামালপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) জামালপুর জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুজ্জামান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান, টিআইবি জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, ঢাকা পোস্টের সাংবাদিক বাঁধন হোসেন, ভিবিডি জামালপুরের সভাপতি শাহান শাহ শান্ত এবং সাসটেইনেবল ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিবুল ইসলাম সৌরভসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সমাজে জন্ম থেকেই ছেলে ও মেয়ের জন্য আলাদা আচরণ ও কাজ নির্ধারণ করে দেওয়া হয়, যা জেন্ডার স্টেরিওটাইপ হিসেবে পরিচিত। “ছেলেরা কাঁদবে না, মেয়েরা ঘরের কাজ করবে”—এ ধরনের ধারণা মানুষের স্বাভাবিক বিকাশ ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে।
তারা আরও বলেন, কেবল শারীরিক পার্থক্যের ভিত্তিতে দায়িত্ব ও ভূমিকা নির্ধারণ করা ঠিক নয়। সমাজে প্রচলিত এসব ধারণা দূর করতে পারলে নারী-পুরুষ উভয়েই সমানভাবে এগিয়ে যেতে পারবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে বক্তারা জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে সামাজিক বাধা ও প্রচলিত ধ্যানধারণা পরিবর্তনে এগিয়ে আসার আহ্বান জানান।

