নওগাঁ প্রতিনিধি
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা এবং আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওছিম উদ্দিনসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে ১২ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে এক প্রতিবন্ধী শিক্ষার্থী মাস্টার্স সম্পন্ন করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়।

