রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ঘিরে নাটকীয় পরিবর্তন এসেছে। কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ফিরোজ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। ৩০ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে ফিরোজ আহমেদকে আহ্বায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়েছিল।
তবে কমিটি ঘোষণার একদিনের মধ্যেই আহ্বায়ক পরিবর্তনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

