জয়পুরহাট প্রতিনিধি
“নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ জন খামারিকে নিয়ে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ দুধ সংরক্ষণ ও পরিবহনের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. আবু বক্কর। সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইরি এন্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. আল আকমলসহ এলাকার বিভিন্ন দুগ্ধ খামারিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, প্রতিদিন খামারিদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কঠোর মান নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বন করছে। বিভিন্ন সময়ে চিলিং সেন্টার পরিদর্শনে গিয়ে দুধ সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও ব্র্যাক ডেইরি গুণগত মানসম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হবে। এ ছাড়া দুধ সংগ্রহ কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রশিক্ষণে উপজেলার ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক খামারিকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে একটি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।

