দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় সরকারি খাল খন প্রকল্পে চালক ও নৈশ প্রহরীকে বেঁধে রেখে মারধর ও স্কেভেটারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খন প্রকল্পের অংশ হিসেবে গত ১৬ মার্চ মোড়াগাছা-হাসিমপুর ৩ কিলোমিটার খাল খন কাজের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান।
পুলিশ ও স্থানীয়রা জানান, খন কাজে ব্যবহৃত দুটি স্কেভেটারের ব্যাটারি খুলে নিয়ে একটি মেশিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে চালকদের মারধর করে। এ সময় চালকদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী বিদ্যুৎ বলেন, তিনি সাপ্তাহিক বেতনে খাল খন প্রকল্পের কাজ দেখাশোনা করেন। রাত ১টার দিকে ১০-১২ জনের একটি দল এসে বুকে অস্ত্র ধরে মারধর শুরু করে। চলে যাওয়ার সময় স্কেভেটারের ব্যাটারি খুলে নিয়ে পেট্রোল ঢেলে মেশিনে আগুন ধরিয়ে দেয়।
কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, গাড়ির ব্যাটারি খুলে নিয়ে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মুখে গামছা বেঁধে গাড়ির চালক ও হেলপারদের মারধর করে গাড়ি পুড়িয়ে দেয় এবং সাথে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

