নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর জেলার অস্বচ্ছল, দরিদ্র ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ।
বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, “সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে কর্মমুখী উদ্যোগের বিকল্প নেই। একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একটি পরিবারের স্বপ্ন ও বেঁচে থাকার অবলম্বন। নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই এগিয়ে যাবে।”
সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বর্তমান সময়ে নারীদের ঘরে বসেই আয় করার সুযোগ সৃষ্টি করতে হবে। সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন নারীদের অর্থনৈতিক মুক্তির পথ তৈরি করবে। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।”
বিশেষ অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, “দরিদ্র ও দুঃস্থ নারীদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। গাজীপুর জেলা পরিষদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই নারীরা কারও বোঝা না হয়ে নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করুক।”
সভাপতির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “গাজীপুর জেলা পরিষদ সবসময় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আলহাজ আবু বকর ছিদ্দিক, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব আলহাজ এম আনোয়ার হোসেনসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

