Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে রামিসা ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে পৃথক মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ২১, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে দুই শিশু রামিসা ও আছিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪টায় সিরাজদিখান উপজেলা মোড় বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ফখরুদ্দিন রাজী বলেন, শিশু রামিসা ও আছিয়ার ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব জনগণ মেনে নেবে না। তিনি দ্রুত বিচার নিশ্চিত করে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. মজিবর রহমান, উপজেলা আমির কবির হোসেন, উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মহাসিন মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্যরা।

এদিকে, একই স্থানে বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থার উদ্যোগে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা রামিসা ও আছিয়ার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনা জাতির জন্য লজ্জাজনক ও হৃদয়বিদারক। বিচারহীনতার কারণে অপরাধীরা বারবার এমন ভয়াবহ ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের মতে, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিকল্প নেই।

উল্লেখ্য, গত ১৬ মে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর এলাকায় সৎ মামা রাজা মিয়া ১০ বছরের আছিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। অপরদিকে, ১৯ মে রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানা (৩৪) আটক হয়েছে। নিহত রামিসার বাড়ি সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী গ্রামে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।