টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে বাস ও অটো রিক্সার সংঘর্ষে অটো চালকসহ ৩ নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়। আজ শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ কলেজ পাড়ার মৃত আনোয়ারের ছেলে আব্দুল আওয়াল (১৬), একই এলাকার মৃত রিপনের ছেলে ফকর (১৬) এবং অটো চালক শাহজাহান মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫)। নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া বলেন, ঈদ উপলক্ষে ওরা বন্ধুরা কয়েজ জন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিলো। ওদের অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিন জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ বাড়িতে আনা হয়েছে। এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জাহিদ হাসান এবং টাঙ্গাইল সদর থানার পরিদর্শক নাসির উদ্দিন বলেন, হতাহতরা ঈদ উপলক্ষে অটো নিয়ে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে বের হয়। পরে তারা বঙ্গবন্ধু সেতু এলাকায় থেকে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড পৌঁছলে গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে এক জন মারা যায়।
আহত ১২ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুত্বর আহত ৬ জনকে ঢাকায় রেফার্ড করা হয়। আহত ৪ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

