পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে প্রয়াত দেশনেত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) রাত ৮টায় আয়োজিত এ কর্মসূচিতে নির্ধারিত সময়ের আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজনস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পলাশ থানা যুবদলের আহ্বায়ক নিছার খান বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তাঁর নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বারবার নির্যাতন ও বাধা সত্ত্বেও তিনি কখনো আপোস করেননি। স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে মাথা নত না করে দেশ ও জনগণের স্বার্থে জীবন পর্যন্ত বিপন্ন করেছেন। এমন ত্যাগী ও সংগ্রামী নেত্রী বিশ্ব ইতিহাসে বিরল।”
তিনি আরও বলেন, “কর্মের কারণেই বেগম খালেদা জিয়া আজ অমর হয়ে আছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনারদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পলাশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, জিনারদি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন বাদবরাব জামে মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসাইন। মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, তারেক রহমানের সুস্থতা, ড. আব্দুল মঈন খানের দীর্ঘায়ু, দেশের শান্তি, জনগণের নিরাপত্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

