স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে নড়াইল একটি অবহেলিত জেলা। এই উন্নয়ন বঞ্চিত নড়াইল-লোহাগড়ার উন্নয়ন নিশ্চিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মোল্যা মাঠে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি বলেন, “ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মার্কা এবং বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের মার্কা। দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করতে ধানের শীষে ভোট দিতে হবে, এটার কোনো বিকল্প নেই।”
লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ছাত্র নেতা আবিদুল ইসলাম খান। এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজর (অব:) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা আবু হায়াত সাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, ইজাজুল ইসলাম বাবু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সমীর বসু, উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচএম রাশেদ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় ডক্টর এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি বনাম স্বাধীনতার বিপক্ষের শক্তির নির্বাচন। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। অবহেলিত নড়াইলবাসীর উন্নয়নের লক্ষ্যে আমার প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বান জানাচ্ছি।”

