কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজা (২৩) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মুসা ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাব্বির উপজেলার মহারাজপুর গ্রামের আবুল বাশারের ছেলে। আহত রাজা একই গ্রামের মাওলানা রোকনুজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলন্ত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত রাজাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজন মারা গেছেন এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
কয়রা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

