পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিরোজপুরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক যুগল বিশ্বাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার বিকল্প নেই। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে প্রস্তুত রাখা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের কারণ, আগুনের বিভিন্ন ধরণ, প্রতিরোধ ব্যবস্থা এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বাস্তবধর্মী অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় যুগল বিশ্বাস সবাইকে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, অস্থায়ী ছাত্রহলের প্রভোস্ট ড. সোহাগ বর্মন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ মাহবুবুস সোবহান, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সহকারী প্রক্টর শারমিন ইসলাম নিপা, সহকারী প্রভোস্ট নাজমা আক্তার এবং পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আক্তার তামীমসহ অন্যান্যরা।

