খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে দুইটি কেন্দ্রে ২১ এপ্রিল, মঙ্গলবার বেলা ১০টা থেকে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা–২০২৬।
জানা যায়, খালিয়াজুড়ি উপজেলায় ৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। খালিয়াজুড়ি সদর ইউনিয়নের খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এএপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ মোট দুইটি কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ২৬৬ জন ছাত্র ও ২৭৫ জন ছাত্রীসহ সর্বমোট ৫৪১ পরীক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্র ও ৩ জন ছাত্রীসহ মোট ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, এ বছর পরীক্ষা ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্র ও ভেনুর প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা পর্যবেক্ষণ করা হয়েছে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং উপস্থিতি সন্তোষজনক।
তিনি আরও বলেন, খালিয়াজুড়ি কেন্দ্রে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু রায়হান এবং ভেন্যু সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাকিল সারোয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরীক্ষার দায়িত্ব পালন করেন।
এ ছাড়া কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এএপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজিজুর রহমান ও উপজেলা সমবায় অডিট অফিসার মো. কামাল উদ্দিন এবং কৃষ্ণপুর কেন্দ্রের ভেন্যু কৃষ্ণপুর সরকারি কলেজ কেন্দ্রে উপজেলা উদ্ভিদ সহকারী কর্মকর্তা মো. আব্দুল আলীম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হেলাল উদ্দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
খালিয়াজুড়ি উপজেলার দুটি কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, সিসি ক্যামেরা, পর্যাপ্ত সিলিং ফ্যান, লাইটিং ও নিরাপত্তাসহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা ভালো ছিল বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ জন্য তিনি কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হল সুপার, পরীক্ষার দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

